প্রতিবেদন প্রকাশ: ১২ মার্চ ২০২৬, সময়ঃ ০৭:৫৬
ইরান ইস্যুতে নিজেদের অবস্থান অনড় রাখায় এবার স্পেনের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে স্পেনে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি না দেওয়ায় দেশটির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। একইসঙ্গে ন্যাটোর লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিরক্ষা ব্যয় না করার অজুহাতে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প।
বুধবার (১১ মার্চ) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়, স্পেনের বিরুদ্ধে ন্যাটোর লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থতা এবং অসহযোগিতার অভিযোগ তুলেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, স্পেনের আচরণ মোটেও সন্তোষজনক নয় এবং তারা জোটের ভেতরে থেকে ‘ন্যায্য হিস্যা’ প্রদানে অনীহা দেখাচ্ছে। ট্রাম্পের দাবি, দেশটি ন্যাটোর নিরাপত্তা বলয়ের সুবিধা নিলেও জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার নতুন শর্ত পূরণ করছে না। এই প্রেক্ষিতে তিনি বলেন, প্রয়োজনে স্পেনের সঙ্গে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে পারে যুক্তরাষ্ট্র।
ইরান বিরোধী সামরিক অভিযানকে ‘বেপরোয়া ও অবৈধ’ বলে অভিহিত করে আগেই তা প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকার। এরই ধারাবাহিকতায় দক্ষিণ স্পেনে অবস্থিত যৌথ সামরিক ঘাঁটিগুলো মার্কিন বাহিনীকে ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানায় মাদ্রিদ। মূলত এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
যুক্তরাষ্ট্রের এমন কঠোর হুমকির মুখেও সংযত প্রতিক্রিয়া দেখিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে মাদ্রিদের নিয়মিত যোগাযোগ রয়েছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক আছে।
ইরান-ইসরায়েল সামরিক উত্তেজনাকে কেন্দ্র করে ট্রান্স-আটলান্টিক মিত্রদের মধ্যে এই মতবিরোধ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।