বাগেরহাটে বাস ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষ: নিহত ১২

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১২ মার্চ ২০২৬, সময়ঃ ০৭:৩৯

বাগেরহাটের রামপালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মধ্যে এক মর্মান্তিক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা বর্তমানে কাজ করছেন।

 

কাটাখালী হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে রামপাল এলাকায় একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসের প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন যাত্রী নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা উদ্ধারকাজে এগিয়ে আসে এবং পরবর্তী সময়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

 

আহতদের দ্রুত উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

মরদেহগুলোর অবস্থান সম্পর্কে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বর্তমানে চারজনের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। বাকি আটটি মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ শুরু করেছে। ঘাতক বাসটি শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বর্তমানে পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।