আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১২ মার্চ ২০২৬, সময়ঃ ০২:৫৭

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে আছে।

 

ত্রয়োদশ সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবীণ পার্লামেন্টারিয়ান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। আর ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। তবে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেনি।

 

স্পিকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে ডা. শফিকুর রহমান বলেন, স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। সংসদ পরিচালনায় সবার জন্য সুবিচার নিশ্চিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

 

সংসদে অনেক তরুণ নেতা রয়েছেন উল্লেখ করে নিজেকেও তরুণ বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।

 

স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, আপনি একজন লড়াকু মুক্তিযোদ্ধা। আপনি পারবেন। স্পিকারের কাছ থেকে শুধু ইনসাফ আশা করছি। বক্তব্যের শেষে তিনি বলেন, “উই ওয়ান্ট জাস্টিস।”