সংসদের প্রথম অধিবেশনে দর্শক গ্যালারিতে ড. ইউনূস ও প্রধানমন্ত্রীর পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১২ মার্চ ২০২৬, সময়ঃ ০১:৩৫

নতুন রাজনৈতিক পথচলার সূচনা করে আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদের কার্যক্রম শুরু হয়। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সংসদ ভবনের দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ।

 

অধিবেশন চলাকালে দর্শক গ্যালারিতে ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান। এছাড়াও নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণ এবং সামরিক-বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

 

অধিবেশন শুরুর পর ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর সংসদে বক্তব্য রাখেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

 

প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পাশাপাশি বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই অতিথিদের সংসদ ভবনে প্রবেশ করতে দেখা যায়। উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া এই অধিবেশন নিয়ে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট এক গণ-অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দীর্ঘ দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচন কমিশন ১৩ ফেব্রুয়ারি রাতে ফলাফলের গেজেট প্রকাশ করে এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে অধিবেশন আহ্বানের নিয়ম মেনেই আজ সংসদের প্রথম বৈঠক শুরু হয়েছে।