প্রতিটি পরিবারকে স্বনির্ভর করাই বিএনপির লক্ষ্য: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১২ মার্চ ২০২৬, সময়ঃ ১২:১৮

প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করার মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়াই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট করেছেন যে, দল-মত নির্বিশেষে তিনি দেশের সকল মানুষের প্রতিনিধিত্ব করছেন।

 

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সোয়া ১১টার কিছু আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংসদের কার্যক্রম শুরু হয়।

 

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলার লক্ষ্য নিয়ে বিএনপি কাজ করে যাচ্ছে। এভাবে ধাপে ধাপে পুরো বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। এই লক্ষ্য অর্জনে তিনি দেশের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

 

তিনি মন্তব্য করেন যে, স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কারোর সাথে কোনো বিরোধ থাকতে পারে না এবং বাস্তবেও কোনো বিরোধ নেই।

 

বক্তব্যের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশনেত্রী খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের কথা স্মরণ করেন। তিনি বলেন, খালেদা জিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে গেছেন এবং স্বৈরাচার বা ফ্যাসিবাদের সামনে মাথা নত করেননি। প্রধানমন্ত্রী গভীর শ্রদ্ধার সাথে খালেদা জিয়া এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন।

 

প্রধানমন্ত্রী পুনরুল্লেখ করেন যে, তিনি কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয় বরং দল-মত ঊর্ধ্বে উঠে দেশের আপামর জনসাধারণের সেবা করছেন। একটি সমৃদ্ধ দেশ গঠনে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।