প্রতিবেদন প্রকাশ: ১১ মার্চ ২০২৬, সময়ঃ ০৭:৫৮
নেতানিয়াহুর ক্ষমার আবেদন নাকচ করার সুপারিশ ইসরাইলি বিচার মন্ত্রণালয়ের। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমার আবেদন নিয়ে বড় ধরনের আইনি বাধার সৃষ্টি হয়েছে। ইসরাইলি বিচার মন্ত্রণালয়ের ক্ষমা বিভাগ (Pardon Department) প্রধানমন্ত্রীকে ক্ষমা না করার সুপারিশ করেছে। মন্ত্রণালয়ের মতে, নেতানিয়াহুর আবেদনটি আইনি শর্ত ও প্রয়োজনীয় নীতিমালা পূরণে ব্যর্থ হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকালে বিচার মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে তাদের আইনি অবস্থানপত্র তৈরির কাজ শেষ করেছে। প্রক্রিয়া অনুযায়ী, নথিপত্রগুলো ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহুর কাছে পাঠানো হয়েছে। বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন এই নথিপত্রগুলো প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে হস্তান্তরের দাপ্তরিক দায়িত্ব দিয়েছেন এলিয়াহুকে। উল্লেখ্য যে, ক্ষমা করার চূড়ান্ত ক্ষমতা কেবল প্রেসিডেন্টের হাতে থাকলেও, মন্ত্রীরা তা পর্যালোচনার সুযোগ পান।
হিব্রু গণমাধ্যম 'ওয়াইনেট'-এর প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সাল থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে বিচার চলছে। আইনত দণ্ডপ্রাপ্ত হওয়ার আগেই ক্ষমার আবেদন করা পদ্ধতিগতভাবে জটিল।
উচ্চ আদালতের পূর্ববর্তী রায় অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়ার আগে ক্ষমা পেতে হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে অপরাধ স্বীকার করতে হয়। কিন্তু নেতানিয়াহু তার আবেদনে কোনো অপরাধ স্বীকার করেননি বা অনুশোচনা প্রকাশ করেননি।
ক্ষমা বিভাগের মতে, সাধারণ ক্ষমার জন্য প্রয়োজনীয় ন্যূনতম শর্তগুলোও তার আবেদনে প্রতিফলিত হয়নি।
এই ইস্যুটিকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। খবর পাওয়া গেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য প্রেসিডেন্ট আইজাক হারজগের ওপর সরাসরি চাপ সৃষ্টি করছেন। তবে প্রেসিডেন্ট হারজগ স্পষ্ট জানিয়েছেন, তিনি কোনো বহিঃশক্তির দ্বারা প্রভাবিত না হয়ে সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং নিজস্ব বিচারবুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবেন।
ঐতিহ্য বিষয়ক মন্ত্রী আমিচাই এলিয়াহু নথিটি পাওয়ার পর মন্তব্য করেছেন যে, ক্ষমা বিভাগের মতে এই আবেদনটির বিষয়ে প্রেসিডেন্টের পক্ষ থেকে আরও গভীর ও নিবিড় মনোযোগের প্রয়োজন রয়েছে।
দুর্নীতি মামলার বেড়াজালে থাকা নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ এখন প্রেসিডেন্ট হারজগের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।