সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের একগুচ্ছ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১১ মার্চ ২০২৬, সময়ঃ ০৪:১৭

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম সভায় দলের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বেলা সোয়া ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই সভায় তিনি সরকারি কাজে স্বচ্ছতা, নিয়মানুবর্তিতা এবং বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মিতব্যয়ী হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিএনপির ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এরপর বক্তব্য প্রদান করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

সভায় প্রধানমন্ত্রী বিশেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন। তিনি স্পষ্ট করেন যে, নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত বিষয়ের বাইরে যেন কেউ কোনো মন্তব্য না করেন। এছাড়াও, মন্ত্রিসভার তরুণ সদস্যদের সময়মতো (সকাল ৯টার মধ্যে) অফিসে উপস্থিত হওয়া এবং সাধারণ মানুষের মতো ট্রাফিক আইন মেনে চলার কঠোর পরামর্শ দেন তিনি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, তিনি নিজেও চলাচলের ক্ষেত্রে ট্রাফিক আইন মেনে চলেন।

 

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "ভোটের আঙুলের কালির দাগ মোছার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি। এটাই বিএনপি, যা মানুষ দেখতে চায়।" তিনি দ্রুততম সময়ে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি সম্পন্ন করা এবং সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করার ঘোষণা দেন। পাশাপাশি আসন্ন ডেঙ্গু মৌসুম মোকাবিলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে সতর্ক করেন।

 

বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা বিশ্ব অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে। এই পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিনি সকলকে দৈনন্দিন জীবনে কৃচ্ছ্রসাধনের আহ্বান জানান। 'জুলাই জাতীয় সনদ' প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন পক্ষের ভিন্নমত (নোট অব ডিসেন্ট) থাকলেও সরকার কেবল বাস্তবায়নযোগ্য বিষয়গুলোই গ্রহণ করবে।

 

সভার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে, জাতীয় সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পূর্ণ দায়িত্ব সংসদ নেতা তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরুর মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

  

আগামী ১৫ মার্চ সংসদ অধিবেশন মুলতবি হওয়ার পর পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ২৯ মার্চ থেকে পুনরায় সংসদের কার্যক্রম শুরু হবে বলে সভায় জানানো হয়।