প্রতিবেদন প্রকাশ: ১০ মার্চ ২০২৬, সময়ঃ ০৭:১৬
ইরান বর্তমানে কোনো ধরনের যুদ্ধবিরতি চাইছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি উল্টো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগ্রাসনকারী শক্তিকে এমনভাবে জবাব দেওয়া হবে যাতে তারা ভবিষ্যতে ইরানের দিকে চোখ তুলে তাকানোর সাহসও না পায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় স্পিকার কালিবাফ স্পষ্ট করেন যে, ইরান কোনো আপস বা যুদ্ধবিরতির পথে হাঁটছে না। তার মতে, ইসরায়েলি শাসনব্যবস্থা নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে যুদ্ধ ও আলোচনার একটি কৃত্রিম চক্র তৈরি করে রেখেছে। ইরান এই চক্র ভেঙে দিতে বদ্ধপরিকর।
একই সুর শোনা গেছে ইরানের খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের বিবৃতিতে। সেখানে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত না হবে, ততক্ষণ এই লড়াই থামবে না। ইরান কোনোভাবেই এই মুহূর্তে যুদ্ধবিরতি সমর্থন করছে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে নতুন করে কোনো আলোচনায় বসার সম্ভাবনা নেই বললেই চলে। তিনি উল্লেখ করেন, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দফা আলোচনা হয়েছিল, কিন্তু সেই আলোচনার পরই ইরানে হামলার ঘটনা ঘটেছে। এই তিক্ত অভিজ্ঞতার কারণে ইরান আর আলোচনার টেবিলে বিশ্বাস রাখতে পারছে না।
এদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা হবে না—এমন নিশ্চিত গ্যারান্টি বা নিশ্চয়তা পেলেই কেবল যুদ্ধবিরতির বিষয়টি বিবেচনা করা হতে পারে। তার আগ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরছে না তেহরান।