প্রতিবেদন প্রকাশ: ১০ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:৪১
রাজধানীর মতিঝিল এলাকায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুই মুরগি ব্যবসায়ী। মঙ্গলবার ভোররাত ৪টার দিকে বঙ্গভবনের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী একটি ট্রাক ইউটার্ন নিতে যাওয়া একটি মুরগির ভ্যানগাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্রে জানা গেছে, নিহতরা হলেন মো. রিপন (৪৫) ও মো. সুলতান (৫০)। তারা দুজনেই পেশায় মুরগি ব্যবসায়ী ছিলেন। ঘটনার সময় তারা ভ্যানগাড়িতে করে মুরগি নিয়ে যাচ্ছিলেন। বঙ্গভবনের সামনে তাদের ভ্যানটি যখন ইউটার্ন নিচ্ছিল, ঠিক তখন একটি বেপরোয়া গতির ট্রাক সেটিকে পেছন থেকে আঘাত করে। এতে ভ্যানগাড়িতে থাকা রিপন ও সুলতান গুরুতর আহত হয়ে রাস্তায় ছিটকে পড়েন।
দুর্ঘটনার পর মো. শাহিন নামে এক ব্যক্তি আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর ভোররাতেই তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে ,মো. রিপন (৪৫): তার গ্রামের বাড়ি শেরপুরের নবীনগর এলাকায়। তিনি সাখাওয়াত হোসেনের ছেলে এবং মো. সুলতান (৫০): তিনি শেরপুর সদর উপজেলার বেপারির বাড়ির বাসিন্দা, জমশেদ আলীর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং পুলিশ এ নিয়ে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।