প্রতিবেদন প্রকাশ: ১০ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:০৮
আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও শবেকদর উপলক্ষে দীর্ঘ সাত দিনের ছুটিতে যাচ্ছে দেশের ব্যাংকিং খাত। তবে এই ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং রপ্তানি কার্যক্রম সচল রাখতে শিল্পাঞ্চল সংশ্লিষ্ট এলাকার ব্যাংকগুলো নির্দিষ্ট দুদিন সীমিত পরিসরে খোলা থাকবে। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নির্দেশনা জারি করেছে।
সরকারি নির্বাহী আদেশে ১৮ মার্চ (বুধবার) ছুটি ঘোষিত হওয়ায় সারাদেশে ব্যাংকের শাখা ও উপশাখাগুলো বন্ধ থাকলেও নির্দিষ্ট কিছু বাণিজ্যিক এলাকায় ভিন্ন চিত্র দেখা যাবে। নির্দেশনায় জানানো হয়েছে, আগামী ১৮ মার্চ (বুধবার) ও ১৯ মার্চ (বৃহস্পতিবার) সীমিত জনবল ও সংক্ষিপ্ত সময়ের জন্য ঢাকা মহানগরী আশুলিয়া ও সাভার টঙ্গী ও গাজীপুর ভালুকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম প্রভৃতি এলাকাগুলোতে ব্যাংকিং কার্যক্রম চলবে ।
মূলত পোশাক শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য পাওনা পরিশোধ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে এসব এলাকার শিল্প সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার প্রয়োজন মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করেছে যে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। এছাড়া, ছুটির দিনগুলোতে যারা কর্মস্থলে দায়িত্ব পালন করবেন, তারা প্রচলিত বিধি অনুযায়ী যথাযথ ভাতা প্রাপ্য হবেন।
দেশের সাধারণ মানুষ ও গ্রাহকদের লেনদেনের সুবিধার্থে এবং অর্থনীতির চাকা সচল রাখতেই মূলত এই সমন্বিত ছুটির পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় ব্যাংক।