প্রতিবেদন প্রকাশ: ১০ মার্চ ২০২৬, সময়ঃ ০২:৩৫
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শারীরিক অবস্থা বা নিরাপত্তা নিয়ে দেশজুড়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে তাকে জনসম্মুখে না দেখা যাওয়ায় এবং তার নিয়মিত ভিডিও বার্তা প্রকাশ বন্ধ হওয়ায় এই জল্পনা তৈরি হয়েছে। তবে ইসরায়েল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়মিত বিরতিতে ভিডিও বার্তা বা ছবি প্রকাশ করে আসলেও গত তিন-চার দিন ধরে তার ডিজিটাল উপস্থিতিতে আকস্মিক ছেদ পড়েছে। সর্বশেষ ভিডিও বার্তার পর তিন দিন এবং সর্বশেষ ছবি প্রকাশের পর চার দিন অতিবাহিত হয়েছে। এই সময়ের মধ্যে তার পক্ষ থেকে যেসকল বিবৃতি এসেছে, তার প্রতিটিই ছিল লিখিত। প্রতিদিন একাধিক ভিডিও বার্তা প্রকাশে অভ্যস্ত প্রধানমন্ত্রীর এই নীরবতা জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির হিব্রু সংস্করণও নেতানিয়াহুর এই অনুপস্থিতিকে কেন্দ্র করে তৈরি হওয়া জল্পনাকে তাদের প্রতিবেদনে গুরুত্বের সাথে প্রচার করেছে।
গুঞ্জনের পালে হাওয়া দিয়েছে সাম্প্রতিক কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। গত ৮ মার্চ থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা বলয় নজিরবিহীনভাবে বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে আত্মঘাতী ড্রোন হামলার আশঙ্কা থেকে অতিরিক্ত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
একই সাথে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের পূর্বনির্ধারিত ইসরায়েল সফর আজ আকস্মিকভাবে বাতিল করা হয়েছে। এই সফর বাতিলের সাথে প্রধানমন্ত্রীর বর্তমান পরিস্থিতির কোনো যোগসূত্র আছে কি না, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে।
সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সাথে নেতানিয়াহুর একটি ফোনালাপের বিবরণ এলিসি প্যালেস প্রকাশ করেছে। তবে সেখানে আলোচনার বিষয়বস্তু লিখিত আকারে থাকলেও ফোনালাপটি ঠিক কোন তারিখে বা সময়ে হয়েছে, তার কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই। ফলে এটি সাম্প্রতিক গুঞ্জন নিরসনে খুব একটা সহায়ক ভূমিকা রাখছে না।
বর্তমানে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও সরকারি ভাষ্য ছাড়া প্রধানমন্ত্রীর প্রকৃত অবস্থা সম্পর্কে এখনই কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হচ্ছে না।