বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত রয়েছে, দাম বাড়বে না এক টাকাও: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, সময়ঃ ০৭:১৯

বাজারে ভোজ্যতেলের কোনো সংকট নেই এবং এর দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, বর্তমানে দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, তাই ভোক্তাদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

সোমবার (৯ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ী, আমদানিকারক ও রিফাইনারি মালিকদের সাথে এক বিশেষ বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।

 

মন্ত্রী জানান, গত কয়েকদিনে দেশের কিছু জায়গায় ভোজ্যতেলের সরবরাহ নিয়ে যে অস্থিরতা দেখা দিয়েছিল, তার মূল কারণ হলো আতঙ্কিত হয়ে সাধারণ মানুষের অতিরিক্ত কেনাকাটা। একসাথে অনেক বেশি তেল কেনার ফলে কিছু কিছু দোকানে সাময়িকভাবে সরবরাহের ওপর চাপ সৃষ্টি হয়েছে। তবে এটি কোনো স্থায়ী সংকট নয়।

 

বাজারে লিটারপ্রতি দুই টাকা বেশি দামে তেল বিক্রির খবরের প্রেক্ষিতে মন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করেন। ব্যবসায়ী ও আমদানিকারকদের তথ্যের ভিত্তিতে তিনি নিশ্চিত করেন যে, তেলের দাম এক ফোঁটাও বাড়বে না। তিনি বলেন, “ভোক্তারা নিশ্চিন্তে বাজার করতে পারেন, দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই।”

 

জ্বালানি তেল বা গ্যাসের মতো ভোজ্যতেলের ক্ষেত্রেও কোনো ঘাটতি নেই উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, এসব পণ্যের সাথে ‘সংকট’ শব্দটি যুক্ত করে অহেতুক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তিনি সাধারণ মানুষকে গুজব ও আতঙ্ক থেকে দূরে থাকার অনুরোধ জানান। একইসাথে অযথা বেশি পণ্য কিনে অসাধু ব্যবসায়ীদের সুযোগ না দেওয়ার পরামর্শ দেন তিনি।

 

বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অনিয়ম রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। বাণিজ্যমন্ত্রী জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা প্রশাসন নিয়মিত বাজার তদারকি ও অভিযান পরিচালনা করবে। কোনো অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।