ঈদযাত্রায় যাত্রী হয়রানি ও চাঁদাবাজি রোধে পরিবহন মালিক সমিতির কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, সময়ঃ ০৫:০১

আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং সড়কে সব ধরনের চাঁদাবাজি ও হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আজ সোমবার (৯ মার্চ) রাজধানীর সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে আয়োজিত এক মতবিনিময় সভায় এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

সভায় পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম জানান, সাধারণ মানুষের ঈদযাত্রা নিরাপদ করতে তারা বদ্ধপরিকর। যাত্রী সেবা নিশ্চিত করতে সংগঠনটি বেশ কিছু সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করেছে: ভাড়া নিয়ন্ত্রণ: কোনো পরিবহনই নির্ধারিত ভাড়ার অতিরিক্ত টাকা আদায় করতে পারবে না।

 

  • ফিটনেস ও গতিসীমা: সড়কে কোনো ত্রুটিপূর্ণ বা ফিটনেসবিহীন বাস চলাচল করতে দেওয়া হবে না এবং মহাসড়কে নির্ধারিত গতিসীমা মেনে চলা বাধ্যতামূলক করা হয়েছে।
  • চালকদের বিশ্রাম: সড়ক দুর্ঘটনা রোধে চালকদের বিরামহীন গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। পর্যাপ্ত বিশ্রাম নিয়ে তবেই স্টিয়ারিংয়ে বসার নির্দেশনা দেওয়া হয়েছে।
  • প্যাসেঞ্জার হেল্প ডেস্ক: যাত্রীদের তাৎক্ষণিক অভিযোগ গ্রহণ ও সহায়তা প্রদানের জন্য ঢাকার প্রতিটি বাস টার্মিনালে 'প্যাসেঞ্জার হেল্প ডেস্ক' স্থাপন করা হবে।

সাইফুল আলম তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান সরকার সড়কে চাঁদাবাজি বন্ধে অত্যন্ত কঠোর। চালকরা যাতে কোনো প্রকার বাধা বা চাঁদা ছাড়াই গাড়ি চালাতে পারেন, তা নিশ্চিত করা হবে। টার্মিনালগুলোতে যাত্রী হয়রানি বন্ধে মালিক ও শ্রমিকদের সমন্বয়ে নজরদারি বাড়ানো হবে।

 

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতি আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার এবং সায়দাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির আহ্বায়ক ও বিএনপি নেতা নবী উল্লাহ নবীসহ চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগের পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

 

সংশ্লিষ্ট পক্ষগুলোর সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশি স্বস্তিদায়ক হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।