প্রতিবেদন প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, সময়ঃ ১১:১৭
সরকার পতনের আন্দোলনের হুমকিদাতাদের সতর্ক করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার মাত্র কাজ শুরু করেছে। যারা এই সরকারকে উৎখাতের স্বপ্ন দেখছেন, তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতা দখল করা এত সহজ বিষয় নয়।
রবিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক ইফতার ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস স্মরণ করিয়ে দেন যে, বিএনপি দীর্ঘ সময় ধরে অনেক আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে টিকে আছে। তিনি বলেন, "বিএনপিকে টোকা দিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়। যারা কথায় কথায় হুমকি দিচ্ছেন, তাদের প্রতিহত করতে দল পুরোপুরি প্রস্তুত রয়েছে।"
দলের অবস্থান পরিষ্কার করে এই জ্যেষ্ঠ নেতা জানান, বিএনপি আগ বাড়িয়ে কোনো ঝামেলায় জড়াতে চায় না। তবে কোনো পক্ষ থেকে উসকানি দেওয়া হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে এবং কাউকে ছেড়ে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।
কোটা আন্দোলন প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, অনেকেই একসময় শুধু চাকরির আশায় আন্দোলনে যোগ দিয়েছিল, কিন্তু এখন তারা সরকার হয়ে চাকচিক্যময় জীবন যাপন করছে। তারা পুনরায় সরকার গঠনের যে স্বপ্ন দেখছে, তা বাস্তবসম্মত নয় বলে তিনি মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কর্মতৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শনিবারও অফিস করছেন। যারা এই কাজের সমালোচনা করছেন, তাদের সমালোচনা বন্ধ করে দেশের স্বার্থে তাকে সহযোগিতা করার আহ্বান জানান মির্জা আব্বাস।