প্রতিবেদন প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, সময়ঃ ১১:২৯
বর্তমান যুদ্ধের তীব্রতা এবং অভিযানের গতি বজায় রেখে ইরান অন্তত আরও ছয় মাস লড়াই চালিয়ে যেতে সক্ষম। দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এই দাবি করেছে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসি-র মুখপাত্র আলি মোহাম্মদ নাঈনি জানান, ইরানের সশস্ত্র বাহিনীর যে সমরশক্তি রয়েছে, তা দিয়ে বর্তমান মাত্রার উচ্চতীব্রতার সামরিক অভিযান আরও অন্তত অর্ধেক বছর অব্যাহত রাখা সম্ভব।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই মূল্যায়ন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির সম্পূর্ণ বিপরীত।
সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে এবং তারা যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে আছেন। এমনকি ইরানের সামরিক সক্ষমতাকে বিপন্ন করে দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেছিলেন। আইআরজিসি-র এই নতুন বিবৃতি ট্রাম্পের সেই দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানালো।
উল্লেখ্য, ইসলামি বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসি ইরানের সাধারণ সামরিক বাহিনীর বাইরে একটি বিশেষ ও অত্যন্ত শক্তিশালী সংস্থা। শুধু সীমান্ত রক্ষা বা গোয়েন্দা তৎপরতা নয়, দেশটির রাজনীতি, অর্থনীতি এবং শিক্ষা ব্যবস্থার ওপরও এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে তাদের এই অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়।