ইবি শিক্ষিকা আসমা সাদিয়া হত্যাকাণ্ড: রহস্য উদ্ঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, সময়ঃ ০৮:০২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
 

বিশ্ববিদ্যালয় প্রশাসনের জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, নিজ অফিস কক্ষে সংঘটিত এই মর্মান্তিক হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য উদ্ঘাটন এবং প্রয়োজনীয় সুপারিশসহ দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। কমিটিতে যারা থাকছেন:

 

আহ্বায়ক: ড. মিজানুর রহমান (অধ্যাপক, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ)।

সদস্যসচিব: গোলাম মওলা (উপ-রেজিস্ট্রার, শিক্ষা)।

সদস্য: ড. রাশিদুজ্জামান (অধ্যাপক, বাংলা বিভাগ)।

সদস্য: ড. ওবাইদুল ইসলাম (ছাত্র উপদেষ্টা)।

সদস্য: ড. গাজি আরিফুজ্জামান খান (প্রভোস্ট, লালন শাহ হল)।

 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাসের অভ্যন্তরে একজন বিভাগীয় প্রধানের এমন মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। তদন্ত কমিটিকে ঘটনার আদ্যোপান্ত বিশ্লেষণ করে প্রকৃত সত্য বের করে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটির প্রতিবেদনের ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

নিহত আসমা সাদিয়া রুনার সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনায় গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে। তদন্ত কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে প্রশাসন আশাবাদ ব্যক্ত করেছে।