সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, সময়ঃ ০২:৩৫

সংসদীয় রাজনীতিতে অতীতে গড়ে ওঠা নেতিবাচক ধারা থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ও কার্যকর সংস্কৃতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। দলটির নীতিনির্ধারকরা জানিয়েছেন, আসন্ন অধিবেশনে সংসদকে জনবান্ধব ও প্রাণবন্ত করে তোলাই তাদের মূল লক্ষ্য।

শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য আয়োজিত দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এসব কথা জানান।

 

আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে কেন্দ্র করেই মূলত এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সমাপনী দিনে সালাহউদ্দিন আহমদ জানান ,সংসদ সদস্যদের সংবিধান, কার্যপ্রণালী বিধি (রুলস অব প্রসিডিউর) এবং দীর্ঘদিনের সংসদীয় প্রথা ও রীতিনীতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের সফল সংসদীয় চর্চাগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। নতুন সংসদ সদস্যদের এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যেন তারা কোনো নেতিবাচক প্রভাব ছাড়াই সুস্থ সংসদীয় ধারায় অভ্যস্ত হতে পারেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে সংসদের কার্যক্রম দেখে সাধারণ মানুষ আশ্বস্ত হবে। তিনি আরও উল্লেখ করেন, অতীতে সংসদে যেসব নেতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছিল, সেগুলো মুছে ফেলে জনগণের কাঙ্ক্ষিত একটি সংসদ উপহার দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। নবীন সংসদ সদস্যরা যেন জনপ্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সেভাবেই তাদের দক্ষ করে তোলা হচ্ছে।

 

সাবেক অভিজ্ঞ আমলা, শিক্ষাবিদ এবং অভিজ্ঞ সংসদ সদস্যদের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মশালায় এমপিদের দায়িত্ব এবং মন্ত্রিসভার সদস্যদের মন্ত্রণালয় পরিচালনার কৌশল শেখানো হচ্ছে। শনিবার সকালের অধিবেশনে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের অধিবেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধিদের অংশগ্রহণের মধ্য দিয়ে দুই দিনের এই প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত হওয়ার কথা রয়েছে।

 

এই উদ্যোগের মাধ্যমে বিএনপি সংসদীয় কার্যক্রমে গুণগত পরিবর্তনের যে অঙ্গীকার করেছে, তার প্রতিফলন ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনেই দেখা যাবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।