সংসদকে শক্তিশালী করে জনআকাঙ্ক্ষা পূরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, সময়ঃ ০৮:০৬

ত্রয়োদশ জাতীয় সংসদকে কার্যকর ও শক্তিশালী করার মাধ্যমে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

 

শুক্রবার (৬ মার্চ) গুলশানে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। 
আসন্ন সংসদ অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত দলীয় সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এই কর্মশালার আয়োজন করা হয়।

 

কর্মশালায় বক্তব্য প্রদানকালে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির সাংবিধানিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন,“রাষ্ট্রপতি কেবল একজন ব্যক্তি নন, তিনি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার সুনির্দিষ্ট বিধান রয়েছে এবং এটি আমাদের সংসদীয় ঐতিহ্যের অংশ।” তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান সরকার সংসদকে একটি স্মরণীয় ও কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায়, কারণ এই সংসদের ওপর জাতির অনেক প্রত্যাশা অর্পিত হয়েছে।

 

ডেপুটি স্পিকার নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক উদারতার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে লিখিতভাবে ডেপুটি স্পিকারের পদের জন্য প্রস্তাব দেওয়ার কোনো আইনি বাধ্যবাধকতা বা বিধান নেই। তবুও সরকার রাজনৈতিক শিষ্টাচার ও উদারতার পরিচয় দিয়েছে। তিনি মনে করেন, জামায়াতের উচিত সরকারের এই ইতিবাচক উদ্যোগকে একইভাবে উদারতার সাথে গ্রহণ করা।

 

স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ যে নতুন দিকনির্দেশনা পেয়েছে, তা বাস্তবায়নে জাতীয় সংসদকে মূল কেন্দ্রবিন্দু হতে হবে। জনগণের দাবি ও অধিকার রক্ষায় সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

 

নতুন প্রজন্মের প্রত্যাশা ও সংসদীয় গণতন্ত্রের মর্যাদা রক্ষায় এই সংসদ নজিরবিহীন ভূমিকা রাখবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।