সংসদ উপনেতা নির্বাচন, আলোচনায় বিএনপির চার হেভিওয়েট নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, সময়ঃ ০৩:২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর এবার সবার নজর সংসদ উপনেতা পদের দিকে। আগামী ১২ মার্চ নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে। এর আগেই সংসদীয় রাজনীতির এই গুরুত্বপূর্ণ পদে কাকে দেখা যাবে, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা।

 

 দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির চারজন জ্যেষ্ঠ নেতার নাম এই পদের জন্য গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। আলোচনায় আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন (স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচিত সংসদ সদস্য) ,গয়েশ্বর চন্দ্র রায় (স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচিত সংসদ সদস্য) ,ড. আব্দুল মঈন খান (স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচিত সংসদ সদস্য) ,সেলিমা রহমান (স্থায়ী কমিটির সদস্য)।

 

নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায় এবং ড. আব্দুল মঈন খান বর্তমান মন্ত্রিসভায় স্থান পাননি। ফলে সংসদীয় কার্যক্রমে অভিজ্ঞ এই তিন নেতার মধ্য থেকেই কাউকে উপনেতা হিসেবে বেছে নেওয়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, সেলিমা রহমানের নাম আলোচনায় থাকলেও তাকে এই পদে আসীন করতে হলে প্রথমে সংরক্ষিত নারী আসনের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে মনোনীত হতে হবে।

 

সংসদীয় রীতি অনুযায়ী, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ উপনেতা সংসদ পরিচালনা করেন এবং তিনি একজন পূর্ণ মন্ত্রীর মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করেন। উল্লেখ্য যে, ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার সরকারে অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী এই দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সালেও তিনি স্বল্প মেয়াদে এই পদে ছিলেন। তবে পরবর্তীতে দীর্ঘ সময় পদটি শূন্য ছিল।

 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সংবিধানে সংসদ উপনেতা নির্বাচনের সরাসরি বাধ্যবাধকতা না থাকলেও অতীতের নজির এবং সংসদীয় কার্যক্রমের প্রয়োজনে এই পদের গুরুত্ব রয়েছে।