প্রতিবেদন প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, সময়ঃ ০৮:১৮
চিকিৎসকদের পেশাদারিত্বের ঐতিহ্য বজায় রেখে জনসেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বর্তমান সরকারের কাছে ‘সবার আগে বাংলাদেশ’ এবং স্বাস্থ্য খাতের উন্নয়নে হাসপাতাল ও চিকিৎসকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সরকার বদ্ধপরিকর।
বুধবার বিকেলে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দ এবং বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডা. জাহিদ হোসেন চিকিৎসকদের নিরলসভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। দেশের মানুষের সেবায় চিকিৎসকদের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, সরকার চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কেন্দ্রের মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে। একইসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ওপর আস্থা রাখার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্য প্রদানকালে মন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন। তিনি বলেন, “আজকের এই সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দেখে সবচেয়ে বেশি খুশি হতেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর আপসহীন নেতৃত্বের কারণেই বিএনপি আজ এই অবস্থানে পৌঁছাতে পেরেছে।”
ডা. জাহিদ হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং বিগত ১৬ বছরের আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাঁদের সবার আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আশ্বাস দেন যে, বিগত সময়ে যারা নির্যাতিত, নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, বর্তমান সরকার তাঁদের কল্যাণে কাজ করে যাবে।
বক্তব্যের শেষ পর্যায়ে মন্ত্রী দেশের অগ্রযাত্রাকে বেগবান করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। ইফতার মাহফিলে সাবেক ছাত্রনেতাসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।