‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, সময়ঃ ০৫:০৭

দেশের প্রতিটি নাগরিকের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ‘ই-হেলথ’ কার্ড প্রবর্তনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থার অব্যবহৃত ও পরিত্যক্ত ভবনগুলোকে সংস্কার করে সেগুলোকে স্বাস্থ্যসেবা কেন্দ্রে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

 

বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশনা প্রদান করেন। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট উপদেষ্টা এবং দেশের বরেণ্য স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য নিশ্চিত করেন।

 

সভায় জনস্বাস্থ্য প্রসারে অবকাঠামো ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রেস সচিব জানান, বর্তমানে এলজিইডির ১৭০টি ভবনসহ সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের অনেক ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এই ভবনগুলো শনাক্ত করে সেগুলোতে নতুন ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করতে হবে। এর মাধ্যমে গ্রামীণ ও প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সহজ হবে।

 

প্রধানমন্ত্রী বৈঠকে সুস্পষ্টভাবে উল্লেখ করেন যে, বর্তমান সরকারের মূল লক্ষ্য হলো স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসা। ই-হেলথ কার্ড চালু হলে রোগীদের চিকিৎসার ইতিহাস ও তথ্য সংরক্ষিত থাকবে, যা দ্রুত সঠিক চিকিৎসা প্রদানে সহায়ক হবে। এই প্রকল্প বাস্তবায়নে স্বাস্থ্যমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি ইতোমধ্যে দিকনির্দেশনা দিয়েছেন।

 

আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর সমন্বয়ে দেশের স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন আনাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।