স্বচ্ছতার মাধ্যমেই ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চায় সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ১০:৫১

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বিশ্বাস করেন, সঠিক ও স্বচ্ছ পথ অনুসরণ করেই বিচার বিভাগের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আইনমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন যে, মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে আইনজীবীদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ বিচারপ্রার্থী মানুষের অধিকার নিশ্চিত করাকে তিনি সমান গুরুত্ব দিয়ে থাকেন। বিচার বিভাগের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা আইন মন্ত্রণালয়ের একটি নৈতিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।

 

নিজের দায়িত্ব গ্রহণের স্মৃতি চারণ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতেই তিনি বিচার বিভাগকে নিজস্ব গতিতে এবং স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা পেয়েছেন। প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার ওপর বিশেষ জোর দিয়েছেন। মন্ত্রী এ সময় বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে নিজ নিজ দায়িত্ব পালন করেন।

 

প্রতিষ্ঠানের মর্যাদার ওপর গুরুত্বারোপ করে আসাদুজ্জামান বলেন, "আমরা যে প্রতিষ্ঠানে কাজ করি, সেই প্রতিষ্ঠানের প্রতি যদি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা না থাকে, তবে তা এক সময় ধ্বংসের মুখে পড়ে।" তাই নিজ নিজ কর্মস্থলের সম্মান বজায় রাখা প্রত্যেকের কর্তব্য।

 

অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন: আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব শেখ আশফাকুর রহমান।

 

ইফতার মাহফিল শেষে আইনমন্ত্রী বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সঙ্গে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।