ডিএমপির নতুন কমিশনার নিয়োগ না হওয়া পর্যন্ত দায়িত্বে মো. সরওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ১২:৩০

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার পদের শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন কোনো কমিশনার যোগদান না করা পর্যন্ত ডিএমপির শীর্ষ এই পদের দায়িত্ব সামলাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এক দাপ্তরিক আদেশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়। অ্যাডিশনাল ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) শামিমা ইয়াছমিন খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. সরওয়ারকে এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।

 

এর আগে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আকস্মিকভাবে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি ‘ব্যক্তিগত ও পারিবারিক’ সমস্যার কথা উল্লেখ করেছেন। উল্লেখ্য, বর্তমান চুক্তির মেয়াদ আগামী নভেম্বর পর্যন্ত থাকলেও তিনি আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন।

 

শেখ মো. সাজ্জাত আলী বিসিএস পুলিশ ক্যাডারের ১৯৮৪ ব্যাচের একজন অভিজ্ঞ কর্মকর্তা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৬ সালের নভেম্বরে তিনি অতিরিক্ত আইজিপি থাকাকালীন চাকরিচ্যুত হয়েছিলেন।

 

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তাকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল করে। পরবর্তীতে ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ডিএমপির ৩৮তম কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।