আরও এক মাস সময় বাড়ল আয়কর রিটার্ন জমা দেওয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৪:৩৫

আবারও আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৫-২৬ অর্থবছরের ব্যক্তি শ্রেণির করদাতারা এখন আগামী ৩১ মার্চ পর্যন্ত রিটার্ন দাখিল করতে পারবেন। বৃহস্পতিবার এ–সংক্রান্ত বিশেষ আদেশ জারি করেছে সংস্থাটি।

 

এর আগে একই অর্থবছরে আয়কর রিটার্ন জমার সময় তিন দফায় এক মাস করে বাড়ানো হয়েছিল। সাধারণত প্রতি বছর ৩০ নভেম্বর আয়কর রিটার্ন জমার শেষ সময় নির্ধারিত থাকে। তবে করদাতাদের সুবিধা ও প্রশাসনিক কারণে প্রায় প্রতিবছরই একাধিকবার সময়সীমা বাড়ানো হয়।

 

অনলাইনে রিটার্ন বাধ্যতামূলক

এবার কিছু ব্যতিক্রম ছাড়া সব করদাতাকেই অনলাইনে রিটার্ন দাখিল করতে হবে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ২০ লাখের বেশি কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন। যাদের করযোগ্য আয় আছে, তাদের জন্য রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ৩৪ লাখ টিআইএনধারী রিটার্ন জমা দিয়েছেন।

 

অনলাইনে রিটার্ন দেবেন কীভাবে

ই-রিটার্ন জমা দিতে করদাতাদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে প্রথমে নিবন্ধন করতে হবে। নিবন্ধন শেষে ব্যবহারকারী নাম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করলেই রিটার্ন দাখিল করা যাবে।

 

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে কোনো কাগজপত্র আপলোড করতে হয় না; কেবল প্রয়োজনীয় তথ্য প্রদানই যথেষ্ট। রিটার্ন জমা দেওয়ার সময় ঘরে বসেই কর পরিশোধের সুযোগ রয়েছে। ব্যাংক ট্রান্সফার, ডেবিট বা ক্রেডিট কার্ডের পাশাপাশি বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমেও কর দেওয়া যাবে।

 

কর প্রশাসনের ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ই-রিটার্ন ব্যবস্থাকে আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।