গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৭:১৩

বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার। ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তাকুর রহমানকে। এই পরিবর্তনকে একটি নিয়মিত ও স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থমন্ত্রী এই পরিবর্তনের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন। তিনি জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে বিভিন্ন ধরনের সংস্কার ও পরিবর্তন আসাটাই দস্তুর। গভর্নর পদের এই রদবদলও সেই ধারাবাহিকতারই অংশ।

 

অর্থমন্ত্রী বলেন, "নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাই অনেক কিছুতেই পরিবর্তন আসবে। এখানেও (গভর্নর পদে) পরিবর্তন হয়েছে, এটা নতুন কিছু নয়। শুধু এখানেই নয়, আরও অনেক জায়গাতেই পরিবর্তন হবে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া।"

 

হঠাৎ করে কেন গভর্নর পদে পরিবর্তন আনা হলো—সাংবাদিকদের এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি অর্থমন্ত্রী। বিশেষ কোনো কারণ আছে কি না, জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে জানান, এর পেছনে বিশেষ কোনো কারণ নেই। তবে সামনের দিনগুলোতে আরও কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

 

একই দিনে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উক্ত প্রজ্ঞাপনের মাধ্যমেই মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।