পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৪:২৬

পিলখানা ট্র্যাজেডির নেপথ্য কারণ ও উদ্দেশ্য উদঘাটনসহ এই নৃশংস হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, পূর্ববর্তী তদন্ত কমিশনের সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করবে বর্তমান সরকার।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ড কেবল বাংলাদেশের ইতিহাসে নয়, বরং বিশ্বের অন্যতম বর্বরোচিত ঘটনা। এই হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াগুলো দ্রুততম সময়ে শেষ করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। তিনি শহীদ পরিবারগুলোকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্যই যথাযথ বিচার নিশ্চিত করা হবে।

 

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তৎকালীন সরকারের গঠিত কমিটির রিপোর্ট কখনোই জনসমক্ষে আসেনি। তবে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত জাতীয় তদন্ত কমিশনের রিপোর্ট পাওয়া গেছে। তিনি বলেন, "নতুন করে কোনো তদন্ত কমিশন গঠনের প্রয়োজন নেই। আগের কমিশনটি দক্ষ লোকবল দিয়েই গঠিত হয়েছিল। এখন আমাদের মূল কাজ হলো সেই রিপোর্টের সুপারিশগুলো বাস্তবায়ন করা।"

 

বক্তব্যের এক পর্যায়ে মন্ত্রী বলেন, পিলখানা হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করে দেওয়া। যারা এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই এমন ষড়যন্ত্রে লিপ্ত ছিল। দেশ রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলেও তিনি মন্তব্য করেন।

 

এদিন যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বনানী সামরিক কবরস্থানে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া শহীদ পরিবারের সদস্যরাও সেখানে উপস্থিত হয়ে প্রিয়জনদের স্মরণ করেন।