প্রতিবেদন প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০২:২২
আন্তর্জাতিক বাজারে টানা তিন সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর অবশেষে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং ডলারের শক্তিশালী অবস্থানের কারণে এই মূল্যবান ধাতুর দাম হ্রাস পায়। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৩৮ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ১.২ শতাংশ কমে ৫,১৬৭.২৮ ডলারে দাঁড়ায়। এর মাধ্যমে গত চার সেশনের টানা ঊর্ধ্বগতির অবসান ঘটল। দিনের শুরুতে স্বর্ণের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠলেও পরবর্তীতে তা কমতে শুরু করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের এপ্রিল ডেলিভারির স্বর্ণের ফিউচার ০.৭ শতাংশ কমে ৫,১৮৭.৪০ ডলারে নেমে আসে।
বিশ্লেষকদের মতে, আগের সেশনে স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বাড়ার পর বিনিয়োগকারীরা লাভ তুলে নিতে শুরু করেন, যা বাজারে বিক্রির চাপ তৈরি করে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ‘টেস্টিলাইভ’-এর গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক জানান, বাজারে বর্তমানে দামের একটি সমন্বয় বা ‘ডাইজেশন’ চলছে।
ডলারের বিনিময় মূল্য বৃদ্ধি পাওয়ায় অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে, যা চাহিদাতেও প্রভাব ফেলেছে। এছাড়া ওয়াল স্ট্রিটে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সংশ্লিষ্ট শেয়ারের অস্থিরতা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে।
প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন যে, বাণিজ্য চুক্তি থেকে কোনো দেশ সরে গেলে তাদের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে, ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার ইঙ্গিত দিয়েছেন যে, শ্রমবাজার স্থিতিশীল থাকলে আগামী মার্চ মাসে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে। সিএমই গ্রুপের তথ্যমতে, বিনিয়োগকারীরা চলতি বছর তিন দফায় সুদহার হ্রাসের সম্ভাবনা দেখছেন।
স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামও কমেছে। স্পট রুপার দাম ০.৯ শতাংশ কমে আউন্সপ্রতি ৮৭.৩৯ ডলারে এবং স্পট প্লাটিনাম ০.৫ শতাংশ কমে ২,১৪২.৩৫ ডলারে দাঁড়িয়েছে। তবে ব্যতিক্রম হিসেবে প্যালাডিয়ামের দাম ০.৪ শতাংশ বেড়ে ১,৭৫০.৯৮ ডলারে উন্নীত হয়েছে।