প্রতিবেদন প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৫:০৮
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আগামী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
ইশরাক হোসেন সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পেয়েছিলেন ৫৫ হাজার ৬৯৭ ভোট। সংসদ সদস্য হিসেবে জয়লাভের রেশ কাটতে না কাটতেই এবার নগরপিতার আসনে বসার লড়াইয়ে নামার ঘোষণা দিলেন তিনি।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সেই অনুষ্ঠানেই বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইশরাক হোসেন।
রাজধানীর গুরুত্বপূর্ণ এই সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে ইশরাকের এই ঘোষণা রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।