৯টার মধ্যে অফিসে হাজিরা বাধ্যতামূলক: আইন ও বিচার বিভাগের কড়া নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৪:৫৭

সরকারি অফিসে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এখন থেকে কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়।

 

অফিস আদেশে স্পষ্টভাবে জানানো হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা, নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করা কিংবা দেরিতে উপস্থিত হওয়া শাস্তিযোগ্য অপরাধ। এসব ক্ষেত্রে কোনো শিথিলতা প্রদর্শন করা হবে না।

 

নতুন নির্দেশনা অনুযায়ী, অফিসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগে কেউ কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সময়সীমার ক্ষেত্রে বলা হয়েছে:

  • রমজান মাস: বিকেল ৩টা ৩০ মিনিটের আগে অফিস ত্যাগ করা যাবে না।
  • রমজান পরবর্তী সময়: বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ।

যদি কোনো দাপ্তরিক বা অত্যন্ত জরুরি প্রয়োজনে কাউকে অফিস সময়ের মধ্যে বাইরে যেতে হয়, তবে অবশ্যই সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের (যুগ্ম-সচিব বা সলিসিটর) অনুমতি নিতে হবে। এছাড়া ডিজিটাল হাজিরা নিশ্চিত করার পাশাপাশি অফিস ত্যাগের নির্ধারিত রেজিস্টারে নাম এন্ট্রি করাও বাধ্যতামূলক করা হয়েছে।

 

আদেশে উল্লেখ করা হয়েছে, যদি কোনো কর্মকর্তা বা কর্মচারী এই নির্দেশনা অমান্য করেন, তবে তার বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী প্রয়োজনীয় বিভাগীয় ও শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।