ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৫:২৩

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের মসজিদসমূহের ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসবভাতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। পবিত্র ঈদুল ফিতরের আগেই পর্যায়ক্রমে কিছু এলাকায় এই সম্মানী প্রদান করা হবে। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

 

শনিবার ছিল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের তৃতীয় কর্মদিবস এবং তেজগাঁওস্থ কার্যালয়ে তাঁর প্রথম অফিস। সভায় নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যালোচনার পাশাপাশি তা দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সারা দেশের ধর্মীয় ব্যক্তিত্বদের জন্য নির্ধারিত এই সম্মানী প্রদানের প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করে ঈদের আগেই নির্দিষ্ট কিছু স্থানে বিতরণ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

বৈঠক শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন জানান, কেবল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নই নয়, বরং বৈষম্যহীন কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে দেশের শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনার বিষয়েও সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ সংবাদ ব্রিফিংয়ে আলোচনার অন্যান্য দিক তুলে ধরেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ জানান, ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই সম্মানী ভাতার উদ্যোগ নেওয়া হয়েছে।

 

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘদিনের একটি দাবি পূরণ হতে যাচ্ছে, যা দেশের ধর্মীয় ও সামাজিক কাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।