ভাষা দিবসে যে বার্তা দিলেন সাকিব-তামিমরা

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৪:১৮

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক বার্তার মাধ্যমে জাতীয় দলের বর্তমান ও সাবেক তারকারা মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানকারী বীর সন্তানদের স্মরণ করেন।


বাঙালির আত্মমর্যাদার এই দিনে নিজের ভেরিফায়েড পেজে আবেগঘন বার্তা দিয়েছেন ওপেনার সৌম্য সরকার। তিনি লিখেছেন, রক্তে লেখা ইতিহাস কখনো মুছে যায় না এবং একুশ আমাদের অস্তিত্ব ও শক্তির উৎস। সাবেক অধিনায়ক তামিম ইকবাল তার বার্তায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও শহীদদের স্মরণে বিনম্র শ্রদ্ধা প্রকাশ করেছেন।


তরুণ পেসার তাসকিন আহমেদ তার বার্তায় একুশকে প্রতিবাদের প্রতীক হিসেবে উল্লেখ করে লিখেছেন, "বাংলা আমার অহংকার, বাংলা আমার পরিচয়।" পৃথিবীর বুকে ভাষার জন্য প্রথম আত্মত্যাগের সেই ইতিহাসকে তিনি বাঙালির শ্রেষ্ঠ পরিচয় হিসেবে তুলে ধরেন। এছাড়া জাতীয় দলের অন্যান্য ক্রিকেটারদের মধ্যে শরিফুল ইসলাম ও রুবেল হোসেনও সামাজিক যোগাযোগমাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন।


মাঠের লড়াইয়ে দেশকে প্রতিনিধিত্ব করা এই অ্যাথলেটরা প্রতি বছরই মহান ভাষা দিবসে জাতীয় চেতনার সঙ্গে একাত্ম হয়ে শহীদদের প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে থাকেন।