মাতৃভাষা দিবসের স্মারক ডাক টিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৪:০৭

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এটি উন্মোচন করেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তেজগাঁও কার্যালয়ে এটিই তার প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কার্যক্রম ও স্বাক্ষর।


শনিবার সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তাকে স্বাগত জানান। ডাকটিকিট উন্মোচন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং সচিব আব্দুন নাসের খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর এটিই ছিল প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের প্রথম কার্যদিবস।


মূল ভবনে প্রবেশের আগে এক আবেগঘন পরিবেশে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কার দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারেক রহমান। দীর্ঘদিনের পরিচিত অনেককে নাম ধরে ডেকে কথা বলেন তিনি, যা উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। এরপর কার্যালয় চত্বরে তিনি একটি ‘স্বর্ণচাঁপা’ ফুলের চারা রোপণ করেন এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামসহ অন্যান্য সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নতুন প্রধানমন্ত্রীর এই আনুষ্ঠানিক দাপ্তরিক যাত্রার মধ্য দিয়ে সরকার ও প্রশাসনের কেন্দ্রবিন্দুতে নতুন কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।