প্রতিবেদন প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৩:৪৯
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজধানী ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের মাঝে ভিনদেশিদের সরব উপস্থিতি এক অনন্য আবহ তৈরি করে। ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় তারা স্মরণ করেন বাঙালির মহান ভাষা আন্দোলনের আত্মত্যাগকে।
সকাল থেকেই শহীদ মিনার এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। শোকের প্রতীক সাদা-কালো পোশাকে সজ্জিত সর্বস্তরের মানুষের সাথে সারিবদ্ধভাবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিদেশি নাগরিকরা। এ সময় তাদের কণ্ঠে ছিল বাংলার প্রতি ভালোবাসা এবং শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। ভাষার জন্য প্রাণ উৎসর্গ করার এমন নজির পৃথিবীর ইতিহাসে বিরল উল্লেখ করে তারা এই দিনটিকে বিশ্বব্যাপী ঐক্যের প্রতীক হিসেবে অভিহিত করেন।
শহীদ মিনার প্রাঙ্গণে আসা কানাডার নাগরিক জেসি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "ভাষার প্রতি মানুষের এই অকৃত্রিম টান এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসার দৃশ্য দেখে আমি সত্যিই অভিভূত। মাতৃভাষার সম্মানে জীবন দেওয়ার ঘটনা বিশ্বজুড়ে বিরল। এখানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।"
একইভাবে ইতালির নাগরিক জোসেফ তার মুগ্ধতা প্রকাশ করে বলেন, "এটি যেমন আনন্দদায়ক, তেমনি এক আবেগময় মুহূর্ত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে আমরা আজ এখানে একাত্ম হয়েছি। ভাষার প্রতি বাঙালির এমন গভীর আবেগ আমাদের সবাইকে মুগ্ধ করেছে।"
দেশি-বিদেশি নাগরিকদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, ১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল বাঙালির নয়, বরং বিশ্বজুড়ে মানুষের আপন সংস্কৃতি ও ভাষা রক্ষার এক বৈশ্বিক প্রেরণা।