প্রতিবেদন প্রকাশ: ২১ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৩:৩৫
শিক্ষা মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি স্পষ্ট জানিয়েছেন, মন্ত্রণালয়ের কোনো স্তরেই দুর্নীতি সহ্য করা হবে না। শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।
শিক্ষা প্রতিমন্ত্রী তার বক্তব্যে রাষ্ট্রগঠনের প্রধান ভিত্তি হিসেবে শিক্ষাকে চিহ্নিত করেন। তিনি বলেন, শিক্ষার ভিত্তি মজবুত করতে হলে ‘কারিকুলাম, ক্লাসরুম ও কনসিস্টেন্সি’—এই তিনটি বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। বর্তমানে দেশে প্রচলিত বাংলা, ইংরেজি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাধারার মধ্যে মানগত সামঞ্জস্য বজায় রাখা জরুরি বলেও তিনি উল্লেখ করেন। ভিত্তি শক্ত করতে প্রাথমিক পর্যায়ে ভাষা ও গণিত শিক্ষায় জোর দেওয়ার পাশাপাশি প্রয়োজনে পাঠ্যক্রম পর্যালোচনায় ‘টাস্কফোর্স’ গঠনের ইঙ্গিত দেন তিনি।
২১ ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালির অধিকার আদায়ের মূল প্রেরণা। তিনি শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার আগে মাতৃভাষা বাংলায় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, "আমরা নিজেরা দুর্নীতিতে জড়াব না এবং অন্যদের ক্ষেত্রেও কঠোর নজরদারি রাখব।" কর্মক্ষেত্রে দেশপ্রেমের পরিচয় দিয়ে একটি স্বচ্ছ ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ার আহ্বান জানান তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব পালনের বিষয়টিকে প্রতিমন্ত্রী এক বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।
একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে পারলে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।