সাদুল্লাপুরে ‘ছিনতাইকারী’ সন্দেহে গণপিটুনিতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২০ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৩:১০

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় বাসিন্দারা টের পেয়ে ধাওয়া দিয়ে দুই ব্যক্তিকে ধরে ফেলেন। এসময় উত্তেজিত গ্রামবাসীর গণপিটুনিতে ঘটনাস্থলেই ওই দুই অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "ছিনতাইয়ের অভিযোগে স্থানীয়দের পিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করেছি এবং এর মালিকানা যাচাইয়ের চেষ্টা চলছে।"

 

নিহতদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তাদের নাম-পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এলাকায় বর্তমানে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।