তারেক রহমানকে অ‌ভিনন্দন জা‌নিয়ে ট্রাম্পের চি‌ঠি

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৪:৩৯

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ট্রাম্প বাংলাদেশের নতুন সরকারকে শুভেচ্ছা জানান এবং দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

মার্কিন প্রেসিডেন্টের চিঠিতে দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা উল্লেখ করা হয়। ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের এই সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ার অভিন্ন লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই বিজয়কে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করে তিনি বাংলাদেশের জনগণের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

চিঠিতে ট্রাম্প আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন নেতৃত্বের অধীনে ঢাকা ও ওয়াশিংটনের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বিশেষ করে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলোর সফল বাস্তবায়নের মাধ্যমে উভয় দেশের কৃষক ও শ্রমিকরা সরাসরি উপকৃত হবেন বলে তিনি মনে করেন।

 

পাশাপাশি, প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলো সম্পন্ন করার মাধ্যমে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উন্নত মানের মার্কিন সরঞ্জাম নিশ্চিত করার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

 

চিঠিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী করার অঙ্গীকার করা হয়েছে। এই লক্ষ্য পূরণে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের ওপর পূর্ণ আস্থার কথা জানিয়ে ট্রাম্প কূটনৈতিক তৎপরতা সচল রাখার বার্তা দিয়েছেন।

 

একটি সমৃদ্ধ ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে—এমন আশাবাদের মধ্য দিয়েই চিঠির সমাপ্তি ঘটে।