প্রতিবেদন প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ১২:৩২
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সম্ভাব্য ৫০ জন মন্ত্রিসভা সদস্যের জন্য নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জরুরি নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব এ এস এম ইবনুল হাসান স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে নিরাপত্তার এই বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠান এবং পরবর্তী সময়ের জন্য মন্ত্রিসভার সম্ভাব্য ৫০ জন সদস্যের যথাযথ প্রটোকল ও নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চিঠির অনুলিপি ইতোমধ্যে পুলিশের আইজিপি, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ডিএমপির উপকমিশনারকে (প্ররক্ষা) পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট বিভাগগুলোকে এই বিষয়ে দ্রুত ও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, তারা সর্বোচ্চ ৫০ জন সদস্যের জন্য যাবতীয় প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। তবে তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা ৫০ জনই হবে নাকি এর চেয়ে কিছুটা ছোট হবে, তা আজ বিকেলেই চূড়ান্তভাবে জানা যাবে।
শপথ গ্রহণ শেষে আজ রাতেই নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন ও এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে, যার মাধ্যমে নতুন সরকারের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে।