পুরো রমজান মাসে মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৬:৩৮

পবিত্র রমজান মাসে দেশের সব সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৫ ফেব্রুয়ারি) এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন।

 

বিচারপতি ফাহমিদা ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এ সংক্রান্ত রায় ঘোষণা করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মন্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

 

এর আগে ৫ জানুয়ারি পবিত্র রমজানে স্কুল বন্ধ রাখার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মন্ডল। শিক্ষা সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এই নোটিশ পাঠানো হয়েছিল। পরবর্তীতে নোটিশের সন্তোষজনক জবাব না পাওয়ায় তিনি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

 

রিট আবেদনে উল্লেখ করা হয় যে, বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতি এবং দীর্ঘদিনের রীতি অনুযায়ী রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাই প্রথা। সংবিধানের ৩১ ও ১৫২(১) অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে আবেদনে বলা হয়, রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত প্রচলিত প্রথা ও সাংবিধানিক রীতির পরিপন্থী।

 

আবেদনে আরও জানানো হয়:

  • তীব্র গরমে দীর্ঘ সময় স্কুলে যাতায়াত ও ক্লাসের চাপে কোমলমতি শিক্ষার্থীদের রোজা রাখা কষ্টসাধ্য হয়ে পড়ে।
  • রমজানে স্কুল খোলা রাখলে শহরাঞ্চলে যানজট বৃদ্ধি পায়, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়।
  • ধর্মীয় অনুশাসন ও আচার চর্চায় যেন কোনো বিঘ্ন না ঘটে, সেটি নিশ্চিত করা প্রয়োজন।

আদালত উভয় পক্ষের শুনানি শেষে রমজান মাসে স্কুল খোলা রাখার আগের সিদ্ধান্ত স্থগিত করে বন্ধের এই নির্দেশনা প্রদান করেন। এই আদেশের ফলে আসন্ন রমজানে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত হতে হবে না।