নাইজেরিয়ায় তিন গ্রামে সশস্ত্র সন্ত্রাসীদের তাণ্ডব: ৩২ প্রাণহানি, বহু অপহৃত

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ১৫ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৩:৪০

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় নাইজার রাজ্যে সশস্ত্র সন্ত্রাসীদের ভয়াবহ হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজ্যের বোরগু এলাকার তিনটি গ্রামে এই নৃশংসতা চালায় অস্ত্রধারীরা। প্রাণহানির পাশাপাশি হামলাকারীরা অসংখ্য গ্রামবাসীকে অপহরণ করেছে এবং বেশ কিছু ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

 

নাইজার রাজ্য পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিউদুন জানান, ‘ডাকাত দল’ প্রথমে তুঙ্গা-মাকেরি গ্রামে হামলা চালায়। সেখানে কর্তব্যরত ছয় পুলিশ সদস্য নিহত হন। এরপর হামলাকারীরা পার্শ্ববর্তী কনকোসো গ্রামসহ অন্যান্য এলাকায় তাণ্ডব শুরু করে। কনকোসো গ্রামের বাসিন্দা জেরেমিয়াহ তিমোথি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ভোরের দিকে অতর্কিত গুলির শব্দে তাদের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার দেওয়া তথ্যমতে, শুধুমাত্র এই গ্রামেই ২৬ জন নিহত হয়েছেন এবং স্থানীয় থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সামরিক যুদ্ধবিমান টহল দিতে দেখা যায়।

 

এদিকে বার্তা সংস্থা এএফপি-কে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, কনকোসোতে নিহতের সংখ্যা ৩৮ পর্যন্ত হতে পারে। তিনি জানান, হামলাকারীরা অত্যন্ত বর্বরোচিতভাবে বাসিন্দাদের গুলি করে অথবা গলা কেটে হত্যা করেছে এবং গ্রামের প্রায় সব ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। তবে সরকারিভাবে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

 

নাইজেরিয়ার এই অঞ্চলে দীর্ঘ দিন ধরেই আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল (ISIL) এবং স্থানীয় বিভিন্ন অপরাধী চক্র বা ‘গ্যাং’ সক্রিয় রয়েছে। এই গোষ্ঠীগুলো মূলত মুক্তিপণের উদ্দেশ্যে অপহরণ ও লুটতরাজ চালিয়ে থাকে। চলতি মাসের শুরুতেই পার্শ্ববর্তী কাওয়ারা এবং কাতসিনা রাজ্যে পৃথক হামলায় দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই এই নতুন হামলা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে আবারও প্রশ্নের মুখে ঠেলে দিল।

 

নিরাপত্তা বাহিনী বর্তমানে অপহৃতদের উদ্ধার এবং হামলাকারীদের শনাক্ত করতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছে।