প্রতিবেদন প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০৬:৫৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পাওয়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে নবগঠিত সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কো রুবিও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির নেতা তারেক রহমানের পাশাপাশি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন। আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছে যুক্তরাষ্ট্র।”
অভিনন্দন বার্তায় বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক অভিন্ন লক্ষ্যগুলো এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা তুলে ধরা হয়।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ২৯৭টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) এবং পরে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল ঘোষণা করা হয়নি। এছাড়া প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত রয়েছে।
ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিকরা পেয়েছে ৩টি আসন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ৭টি আসনে।
নির্বাচিত সংসদ সদস্যদের ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশের মাধ্যমে নতুন সংসদ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।