প্রতিবেদন প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২৬, সময়ঃ ০২:০৯
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগে নতুন দিগন্ত উন্মোচন করেছে পোস্টাল ব্যালট। ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে এরই মধ্যে ৪ লাখ ২২ হাজারের বেশি প্রবাসীর ব্যালট দেশে পৌঁছেছে।
জাতীয় নির্বাচনের আমেজ এখন দেশের সীমানা ছাড়িয়ে প্রবাসেও। প্রবাসীদের ভোটদান সহজ করতে নির্বাচন কমিশনের চালু করা পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় দেখা যাচ্ছে ব্যাপক কর্মতৎপরতা।
নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজারের বেশি প্রবাসী তাদের ব্যালট বুঝে পেয়েছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন।
বিদেশের ডাক বক্স থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট। যার মধ্যে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তাদের দপ্তরে পৌঁছে গেছে।
প্রবাসী ভোটারদের পাশাপাশি পিছিয়ে নেই দেশের অভ্যন্তরে থাকা পোস্টাল ভোটাররাও। অভ্যন্তরীণভাবে ব্যালট পাঠানো হয়েছে প্রায় ৭ লাখ। ভোট সম্পন্ন করেছেন ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন। রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট।
সংশ্লিষ্টরা মনে করছেন, অ্যাপের মাধ্যমে এই আধুনিক ভোটদান প্রক্রিয়া নির্বাচনী ব্যবস্থাপনায় এক নতুন মাইলফলক তৈরি করেছে। ডাকযোগে আসা এই ভোটগুলো চূড়ান্ত ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।