নির্বাচনী পরিবেশ অত্যন্ত চমৎকার, কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ’

নিজস্ব প্রতিবেদক

প্রতিবেদন প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, সময়ঃ ০৬:৩০

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মাঠের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, ‘অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের মাঠের পরিবেশ অত্যন্ত চমৎকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে শঙ্কা থাকলেও কমিশন কোনো শঙ্কা দেখছে না। সারাদেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে।’

 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন ইসি আনোয়ারুল। তিনি বলেন, ‘রিটার্নিং বা সহকারী রিটার্নিং অফিসাররা কোনোভাবেই কোনো পক্ষের হয়ে কাজ করতে পারবেন না। আইনি বাধ্যবাধকতা মেনে তাদের কাজ শুধু জনগণকে ভোটদানে উদ্বুদ্ধ করা। কোনো সরকারি কর্মকর্তা বা নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কেউ যদি বিশেষ কোনো দলের হয়ে প্রচারণায় অংশ নেন, তবে তা সম্পূর্ণ বেআইনি হবে।’ কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে বলেও তিনি মন্তব্য করেন।

 

নির্বাচনী মাঠে প্রার্থীদের ওপর হামলা বা শঙ্কার বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, ‘মাঠপর্যায় পরিদর্শন করে এবং বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া খবরে আমরা সন্তোষজনক পরিবেশ দেখতে পাচ্ছি। ছোট-বড় সব রাজনৈতিক দল আমাদের কাছে আসছে এবং তাদের পরামর্শ ও অভিযোগ অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

তিনি আরও জানান, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার ও ভিডিপির পাশাপাশি বিএনসিসিকেও নির্বাচনী মাঠে যুক্ত করা হয়েছে।

 

নির্বাচনী আচরণবিধি ভঙ্গের বিষয়ে ইসি পরিসংখ্যান তুলে ধরে জানান, এবার প্রার্থীরা মনোনয়নপত্রের সঙ্গেই আচরণবিধি মেনে চলার অঙ্গীকারনামা দিয়েছেন, ফলে মাঠের পরিবেশ আগের চেয়ে অনেক পরিচ্ছন্ন।

 

তবুও গত ৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে:

  • ১২৮টি নির্বাচনী এলাকায় ১৪৪টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে।
  • মোট ৯৪টি মামলা দায়ের করা হয়েছে।
  • জরিমানা আদায় করা হয়েছে ৯ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

ইসি আনোয়ারুল ইসলাম জানান, এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই সঙ্গে অনুষ্ঠিত হওয়ায় ফলাফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে। তবে অধিকাংশ ফলাফল ভোটের দিন মধ্যরাত বা শেষ রাতের মধ্যেই পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এছাড়া ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়ে মাঠপর্যায় থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা পরবর্তীতে জানানো হবে।