সারাদেশ

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর আগামী সেপ্টেম্বরে: গৃহায়ন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:৫৫, ০৬ আগস্ট ২০২৬
photo

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত যোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আগামী সেপ্টেম্বর মাসে ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এ তথ্য জানিয়েছেন।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন: আগস্টের শেষ সপ্তাহ বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রকল্পটির আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১৪টি বহুতল ভবন নির্মাণ করা হবে।

 

নির্মাণকাজ শুরুর পর সর্বোচ্চ তিন বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়ন সম্পন্ন হবে। ঢাকার মতো গুরুত্বপূর্ণ স্থানে শহীদ ও গুরুতর আহতদের পরিবারের জন্য এসব ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

 

প্রতিমন্ত্রী জানান, এ প্রকল্প শুধু একটি আবাসন ব্যবস্থা নয়, এটি জাতির পক্ষ থেকে জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতার প্রকাশ। সরকার ইতোমধ্যে শহীদ ও আহতদের ভাতা, চিকিৎসা সহায়তা এবং সামাজিক সুরক্ষা কার্যক্রম পরিচালনা করছে। গেজেটভুক্ত তালিকা অনুযায়ী এ কল্যাণমূলক উদ্যোগগুলো অব্যাহত রাখা হবে।

 

আহম্মদ সোহেল মনজুর বলেন, জুলাই বিপ্লব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি দীর্ঘদিনের রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের ফল। নির্বাচন ব্যবস্থার সংকট, কোটা সংস্কার আন্দোলন এবং বিগত সরকারের নিপীড়ন, গুম ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ অংশগ্রহণের মাধ্যমে ৫ আগস্টের ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে।

 

জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, সংসদের মাধ্যমে আলোচনা করে জুলাই সনদের মূল চেতনা ও সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে কাজ করবে সরকার।