সারাদেশ

নারী বিষয়ক ওআইসি সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিলেন মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন

নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৭:৫২, ১৪ জুলাই ২০২৬
photo

ইসলামাবাদ, ১৩ জুলাই: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত নারী বিষয়ক নবম ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন।

 

১২ ও ১৩ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলন ইসলামাবাদের জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। এতে ওআইসিভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

 

বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন, মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মাহমুদুল হক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

 

সম্মেলনের সাইডলাইনে শনিবার বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জাহরা বেহরুজ আজার (Zahra Behrouz Azar)-এর সঙ্গে সৌজন্য বৈঠক করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান এবং ইরানের পক্ষে ডেপুটি হেড অব মিশন নবি ওল্লাহ শিরাজি (Nabi Ollah Shirazi) উপস্থিত ছিলেন।

 

বৈঠকে অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে মুসলিম বিশ্বের পারস্পরিক সহযোগিতা জোরদার, নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, শিশু কল্যাণ এবং সামাজিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় মন্ত্রী বাংলাদেশে নারীর ক্ষমতায়ন ও উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি চালু হওয়া ফ্যামিলি কার্ড কর্মসূচির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ খাতে বাংলাদেশ ও ইরানের মধ্যে সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।

 

জবাবে ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সম্প্রতি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলের অংশগ্রহণের জন্য বাংলাদেশ সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করে বাংলাদেশকে এ ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শিক্ষা ক্ষেত্রে ইরানের নারীদের অগ্রগতির বিষয়ও তুলে ধরেন। মুসলিম উম্মাহর নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে তিনি বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণ জানান।