নিজস্ব প্রতিবেদক
দেশে বর্তমানে প্রায় এক লাখ কোটি টাকা যাকাত সংগ্রহের বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। এই বিপুল অর্থ সঠিকভাবে সংগ্রহ ও ব্যবস্থাপনা করা গেলে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে তা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চতুর্দশ যাকাত ফেয়ার উপলক্ষে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. আবদুল মজিদ যাকাত ফেয়ারের অর্গানাইজিং কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পর দেশের মানুষের মধ্যে বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়নে যাকাত একটি কার্যকর ও শক্তিশালী হাতিয়ার হতে পারে। যাকাতের মূল উদ্দেশ্য শুধু অভাবীদের সাময়িক সহায়তা নয়, বরং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে সমাজের দাতা হিসেবে ভূমিকা রাখতে পারে।
ড. আবদুল মজিদ আরও বলেন, দারিদ্র্য বিমোচনের জন্য সরকারকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক ঋণ নিতে হয়। অথচ দেশের ভেতরেই এক লাখ কোটি টাকা যাকাত আদায়ের সক্ষমতা রয়েছে। এই অর্থ সুশৃঙ্খলভাবে আদায় ও ব্যবহার করা গেলে দারিদ্র্য দূরীকরণে সরকারের বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে গৃহহীনতা, চিকিৎসার অভাবে মৃত্যুর মতো করুণ বাস্তবতাও অনেকাংশে রোধ করা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে যাকাত ব্যবস্থাপনার আধুনিকীকরণ, স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, চতুর্দশ যাকাত ফেয়ারের মাধ্যমে যাকাতের সঠিক ধারণা, কার্যকর ব্যবস্থাপনা এবং সামাজিক উন্নয়নে এর ভূমিকা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোই মূল লক্ষ্য।
তিনি বলেন, দেশে ব্যক্তিগত উদ্যোগে সবচেয়ে বেশি যাকাত আদায় হয়। এখনও শাড়ি-লুঙ্গি দেওয়ার প্রচলন বেশি। শাড়ি লুঙ্গিতে সমাজ বদলাবে না। এসবের পরিবর্তে একটা ভ্যানগাড়ি, ব্যবসার ব্যবস্থা করলে সমাজ পরিবর্তন হবে।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া বলেন, চলতি বছরে আমাদের ৯০ কোটি টাকা যাকাত সংগ্রহের টার্গেট রয়েছে। সিজেডএম মেধাবিকাশে সবচেয়ে বেশি কাজ করে থাকে। এ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সাড়ে ১৭ হাজার প্রথম বর্ষের শিক্ষার্থীদের চার হাজার টাকা করে ৩০ মাস জিনিয়াস উচ্চ বৃত্তি সহায়তা দেওয়া হয়। এ বছরও বিশ্ববিদ্যালয়ের ও মেডিকেল কলেজের ৫০০ শিক্ষার্থীকে জিনিয়াস বৃত্তি দেওয়া হয়েছে। সারা দেশে ৬০টির বেশি প্রাইমারি হেলথ কেয়ার প্রতিষ্ঠান রয়েছে। সেখানে চিকিৎসক-প্যারামেডিকরা নিয়মিত সেবা দিচ্ছে। ওষুধও সরবরাহ করা হচ্ছে। সিজেডএম এর ডায়ালাইসিস সেন্টারে মাসে ৬০ জন বিনামূল্যে ডায়ালাইসিস সেবা পাচ্ছেন। ৩০ জন থ্যালাসেমিয়া রোগীকে চিকিৎসার দায়িত্বভার সিজেডএম পূলন করছে। এছাড়া ১৫টি স্কুল, কলেজ ও মাদরাসা পরিচালনা করা হচ্ছে। সাড়ে ৫ হাজার মানুষকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, "ইনসাফ প্রতিষ্ঠায় যাকাত" এই প্রতিপাদ্য নিয়ে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে আগামী ৩১ জানুয়ারি, শনিবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে চতুর্দশ যাকাত ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হবে। এ ফেয়ারের উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
এবারের যাকাত ফেয়ারে তিনটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সকাল ১০টা ২০ মিনিটে "Islamic Social Finance: A Roadmap for the Way Forward" শীর্ষক সিম্পোজিয়াম শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হাসান জিল্লুর রহমান।
বেলা আড়াইটায় মহিলাদের জন্য "নারীদের জন্য প্রশ্নোত্তর সেশন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বুয়েটের অধ্যাপক ও এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য ড. সৈয়দা সুলতানা রাজিয়া। প্রশ্নোত্তর দেবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী। একই সময়ে অন্য হলে অনুষ্ঠিত হবে "চ্যারিটি প্রতিষ্ঠানসমূহের অভিজ্ঞতা বিনিময় সেশন"। এতে ২০টি দেশি-বিদেশি বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অধিবেশনে সভাপতিত্ব করবেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টর (সিজেডএম) চেয়ারম্যান নিয়াজ রহিম।
সবার জন্য উন্মুক্ত যাকাত ফেয়ারে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত "যাকাত ক্যালকুলেশন ও মাসআলা-মাসায়েল" সংক্রান্ত সহায়তা প্রদানের লক্ষ্যে থাকবে যাকাত ক্যালকুলেশন ডেস্ক। যাকাতের বিধি-বিধান ও মাসআলা-মাসায়েল সংক্রান্ত বিষয়ে জবাব দেবেন- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ. ক. ম. আবদুল কাদের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, তারবিয়াহ এডুকেশন নেটওয়ার্কের চেয়ারম্যান অধ্যাপক মোখতার আহমাদ ও ধানমন্ডি সোবহানবাগ মসজিদের খতিব শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের নির্বাহী কমিটির আহ্বায়ক মুনাওয়ার মিসবাহ মঈন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব আরাস্তু খান।