সারাদেশ

৭১ ভিশন অনলাইনে সংবাদ প্রচারের পর বিরামপুরে ৪ স্বাস্থ্যকেন্দ্রে ৭৫ হাজার টাকা জরিমানা

৭১ ভিশন অনলাইন সংবাদ
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৮:০৪, ০৯ সেপ্টেম্বার ২০২৫
photo

মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর) প্রতিবেদক:-দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় ৭১ ভিশন অনলাইনে বিরামপুরে অনুমোদন ছাড়াই চলছে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার শিরোনামে সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিরামপুর স্কয়ার হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, গ্রামীণ আই এন্ড হেল্থ কেয়ার হাসপাতালকে ৩০ হাজার, মা ও শিশু হাসপাতালকে ১৫ হাজার এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ৪টি বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। স্বাস্থ্য বিভাগের অনুমোদন পত্র এবং অন্যান্য প্রয়োজনীয় পেপার না থাকায় এসব প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, ৭১ ভিশন অনলাইনে সংবাদ প্রকাশের পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখি। অনুমোদন ছাড়াই স্বাস্থ্যসেবা দেওয়া জনগণের জন্য ঝুঁকিপূর্ণ। এজন্য এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।